দিনাজপুরের হাকিমপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের বাঁশের আঘাতে বড় ভাই মুক্তারুল ইসলমের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নয়ানগর গ্রামে মৃত সাইফুল ইসলামের ছোট ছেলে রুহুল আমীনের সাথে বড় ছেলে মুক্তারুল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই রুহুল আমীন বড় ভাই মুক্তারুল ইসলামকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এসময় মুক্তারুলের স্ত্রী আঞ্জুয়ারা এগিয়ে এলে তাকেও বাঁশ দিয়ে আঘাত করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মুক্তারুলকে মৃত ঘোষণা করে। তার স্ত্রী আঞ্জুয়ারাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠনো হবে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘাতক রুহুল আমিনকে গ্রেফতারে অভিযান চলছে।