নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের বিপরীত লিংক রোডের পাশে একটি দোকানে অগ্নি নির্বাপক গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে রফিকুল ইসলাম (৫০) নামের এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। বিস্ফোরণে রফিকুল ইসলামের মাথা দেহ থেকে ছিন্ন ভিন্ন হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদ সংলগ্ন ড্রিম হাউজ নামের সাততলা ভবনের নিচ তলায় ‘সেফটি ফার্স্ট ফায়ার প্রটেকশন’ নামের দোকানটিতে অগ্নিনির্বাপণ যন্ত্র তৈরিসহ, সিএনজিচালিত থ্রি-হুইলার ও মোটরগাড়ির গ্যাস সিলিন্ডারের কাজ করতেন রফিকুল ইসলাম। গতকাল দুপুরে কাজ করার সময় গ্যাসের অগ্নিনির্বাপক একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রফিকুল ইসলাম। তার মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার টুমচরে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, ‘সেফটি ফার্স্ট ফায়ার প্রটেকশন’ দোকানটিতে অগ্নিনির্বাপক যন্ত্র বিক্রি ও রিফিলিং করা হতো। এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়ে রিফিলিং করা হতো। কিন্তু যে সিলিন্ডারে ওই কার্বন ডাই অক্সাইড রাখা হয়েছিল, সেটা অনেক পুরাতন। রিফিলিং করতে গিয়ে গ্যাসের প্রেশারে এই বিস্ফোরণ ঘটেছে।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত করে আলামত সংগ্রহ করেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।



