দিনাজপুরের চিরিরবন্দরে দশমাইল-সৈয়দপুর মহাসড়কে ট্রিলিয়ন গোল্ড লিমিটেড ফ্যাক্টরির সামনে আবাদি জমির ফসল নষ্ট ও পরিবেশ দূষণ প্রতিরোধসহ পাঁচ দফা দাবিতে ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ফকেজংপুর ইউনিয়ন পরিষদ সদস্য হাসান আলী, যুবলীগ নেতা আলমগীর চৌধুরী সোহাগ, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফজলুল হকের নেতৃত্বে তিন শতাধিক লোক এ মানববন্ধন করেন। তারা উপজেলার দেবীগঞ্জ বাজারে জমায়েত হন এবং মিছিল নিয়ে এসে মানববন্ধন অংশগ্রহণ করেন।
ভূমি মালিক হলেনÑ আবদুল হালিম, মোহাম্মদ আপেল, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম, মোস্তাকিম হোসেনসহ কয়েকজন জানান, ৪০ একর তিন ফসলি জমি নষ্ট করে ফ্যাক্টরি নির্মাণ করা হয়েছে। এখানে চুল পোড়ানোর কালো ধোঁয়া ও দূষিত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। দূষিত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এলাকার খাল-বিল ও নদী-নালায় পড়ে পানি দূষিত ও মাছ উৎপাদন ব্যাহত হচ্ছে।
. জেনারেটরের শব্দের কারণে শব্দ দূষণ ও কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ হচ্ছে।
স্থানীয় ফতেজংপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ লুনার বলেন, এটি গণদাবি। ফ্যাক্টরির আশপাশের লোকজন অনেক খতিগ্রস্ত হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন। না হলে এলাকার পরিবেশের চরম বিপর্যয় ঘটবে।
এ ব্যাপারে ফ্যাক্টরির এমডির নিষেধাজ্ঞা থাকায় কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।



