নোয়াখালীর বেগমগঞ্জের সাবেক ছাত্রদল নেতা টিটু হায়দারকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সোমবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
পুলিশ জানায়, রোববার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর সোমবার তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
এদিকে তার পরিবারের লোকজনের দাবি, ছয় মাস আগে থেকে নিখোঁজ ছিলেন টিটু। গত বছরের জুলাইতে তাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগও করে তার পরিবার ও দল বিএনপি।
টিটু হায়দার নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা।
তাকে গ্রেফতারের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, শিমরাইল এলাকায় সন্দেহভাজন অবস্থায় তাকে আটক করে ট্রাফিক পুলিশ। পরে থানা পুলিশে হস্তান্তর করলে খোঁজ নিয়ে জানা যায়, তার বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। ওই থানায় যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে বলেও জানা যায়। পরে তাকে ওই মামলায় গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
গত বছরের ২০ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলের সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলেছিলেন, গত ৮ জুলাই টিটুকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। তিনি অবিলম্বে টিটুকে জনসম্মুখে হাজির করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবিও জানান।



