ভোট দিতে বাধা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়ার অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায় বিএনপি ধানের শীষের দলীয় প্রার্থী তোফাজ্জল হোসেন খান দিলীপ ভোট বর্জন করেছেন। শনিবার বেলা সোয়া ১১টার দিকে ভোগপাড়া তার বাসভবন এলাকায় তিনি গণমাধ্যমকে এ কথা জানান।
তোফাজ্জল হোসেন খান দিলীপ এই নির্বাচনকে তামাশার নির্বাচন বলেও মন্তব্য করেন।
উল্রেখ্য, এই পৌরসভায় মেয়র পদে পাঁচ প্রার্থী, ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও ৩টি সংরক্ষিত আসনে ১১ জন প্রার্থী এবারের ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কটিয়াদী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪৬৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৪ হাজার ৭৩৬ জন ও মহিলা ভোটার সংখ্যা ১৫ হাজার ৭৩০ জন।



