কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখল, এজেন্টদের মারধর, জোরপূর্বক ব্যালট পেপারে সিলসহ নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন স্থগিত চেয়ে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মিসেস সালমা আনিকা। শনিবার দুপুরে ভোগপাড়া তার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
তিনি জানান, সকাল ৮টা থেকেই প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটাররা ভোট দিতে যান। প্রথমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চললেও কিছুক্ষণের মধ্যে পুরো পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়। নৌকার প্রার্থীর সমর্থকরা জোরপূর্বক নৌকা প্রতীকে সিল, এজেন্টদের মারধরসহ তিনি নানা অভিযোগ করেন। এসব অভিযোগে তিনি নির্বাচন স্থগিতের পাশাপাশি পুনঃনির্বাচনের দাবি জানান। এ বিষয়ে নির্বাচন কমিশন বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এই পৌরসভায় মেয়র পদে পাঁচ প্রার্থী, ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও ৩টি সংরক্ষিত আসনে ১১ জন প্রার্থী এবারের ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কটিয়াদী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪৬৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৪ হাজার ৭৩৬ জন ও নারী ভোটার সংখ্যা ১৫ হাজার ৭৩০ জন।



