বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক স্কুল শিক্ষক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় টিঅ্যান্ডটি মোড় নামক জায়গায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে গৈলা বাজার যাওয়ার পথে সদরের টিঅ্যান্ডটি মোড়ে আসা মাত্র ভ্যানচালক পূর্ব সুজনকাঠী গ্রামের জালাল মোল্লা নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান উল্টে পড়ে যায়। এ সময় জালাল মোল্লার ভ্যানে থাকা যাত্রী বিএইচপি একাডেমির শিক্ষক আবুল কালাম আজাদ ও ভ্যানচালক জালাল মোল্লা আহত হয়। স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: রাজু বিশ্বাস ভ্যানচালক জালাল মোল্লাকে (৬০) মৃত ঘোষণা করেন।
জালাল মোল্লা উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত জিন্নাত আলী মোল্লার ছেলে। গুরুতর আহত অবস্থায় শিক্ষককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, পূর্ব সুজনকাঠী গ্রামের জালাল মোল্লা নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান উল্টে পড়ে নিহত হয়েছেন। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।



