কিশোরগঞ্জের কটিয়াদী পৌর নির্বাচনে বেসরকারি ফলাফলে ১৩ হাজার ৩৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী শওকত উসমান। শনিবার সন্ধ্যায় মোট ১৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: আকতারুন নেছা।
শওকত উসমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ) তোফাজ্জল হোসেন খান দিলীপ পেয়েছেন পাঁচ হাজার ৩৯৫ ভোট। যদিও শনিবার দুপুরেই নির্বাচনে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেছেন তিনি।
এ ছাড়া স্বতন্ত্র (মোবাইল ফোন) প্রতীকের প্রার্থী মিসেস সালমা আনিকা পেয়েছেন দুই হাজার ২৮৮ ভোট।
নির্বাচনে জয়ের পর শওকত উসমান ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ভোটারদের দেয়া প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত বিজয়ের মালা পরবো না।
সংশ্লিষ্ট, কটিয়াদী পৌরসভা নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের উপস্থিতিতে শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম বলেন, ‘কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’



