লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দ্রুতগামী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন চারজন। রোববার সকালে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের চরপাতা মোস্তফার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন জেলার কমলনগর উপজেলার চর লরেঞ্চ গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে চাঁদপুর থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি রায়পুরের উদ্দেশে ছেড়ে আসে। পথে রায়পুর চরপাতা গ্রামের মোস্তফার দোকানের সামনে এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর। এ সময় চালকসহ আহত হয় ৪ যাত্রী। তাদের উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
লক্ষ্মীপুর জেলা হাইওয়ে পুলিশ জানান, পরিবারের আপত্তিতে ময়নাতদন্ত ছাড়াই জাহাঙ্গীরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক থানায় আটক রাখা হয়েছে। পলাতক ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।



