কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রাসেল বাবু নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মামলার পর থেকেই পলাতক রয়েছেন। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আব্দুল মান্নানের আদালত এ রায় দেন।
মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন ফখরুল ইসলাম ও সিদ্দিকুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, প্রেম করে বিয়ে করার তিন মাস পর ভুরুঙ্গামারী উপজেলার নাখারগঞ্জ এলাকার যৌতুকলোভী স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রী পিংকি খাতুন একই উপজেলার দক্ষিণ পাথরডুবি গ্রামে বাপের বাড়িতে চলে আসেন। এরপর স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যেতে শ্বশুর বাড়িতে এসে অবস্থান নেয় স্বামী রাসেল বাবু। শ্বশুর বাড়িতে অবস্থানের ১০ দিনের মাথায় শ্বশুর-শাশুড়ি আত্মীয়ের বাড়িতে যাওয়ার সুযোগে পিংকি খাতুনের সাথে স্বামী রাসেল বাবুর কথাকাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে গত ২০১১ সালের ২৭ মে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় স্বামী রাসেল।