কিশোরগঞ্জের কটিয়াদীতে নাতির কান্না থামানোর জন্য কেক আনতে গিয়ে আলাল উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হামলায় প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উত্তর পাইকশা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জজ মিয়া (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটক জজ মিয়া উত্তর পাইকশা গ্রামের মৃত মুহির উদ্দিনের ছেলে। অপরদিকে, নিহত আলাল উদ্দিন উপজেলার আচমিতা ইউনিয়নের উত্তর পাইকশা গ্রামের মৃত আব্দুস ছমেদের ছেলে।
নিহত আলাল উদ্দিনের মেয়ের জামাতা মোহাম্মদ আলী আকবর বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় আমার শ্বশুর নাতির কান্না থামাতে বাড়ির পাশে চান মিয়ার মুদি দোকান থেকে কেক কিনে বাড়িতে আসার সময় জজ মিয়ার বাড়ির সামনে আসামাত্রই জজ মিয়া বাঁশ দিয়ে তার মাথায় বেশ কয়েকটি আঘাত করেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সংবাদ পেয়ে আমরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরো বলেন, ‘আমার শ্বশুরের সাথে জজ মিয়ার আগে থেকেই শত্রুতা ছিল। ঘটনার পর জজ মিয়া পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।’
কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: শফিকুল ইসলাম শুক্রবার রাতে জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাতে থানায় রাখা হয়। ময়নাতদন্তের জন্য শনিবার কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানোর কথাও জানান তিনি।
তিনি আরো বলেন, এ ঘটনায় জড়িত জজ মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে এখনো মামলা দায়ের হয়নি।



