সাতক্ষীরার কলারোয়ায় আমগাছের ডালে ঝুলন্ত গৃহবধূ ও যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার শ্রীপতিপুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী ধারণা করছেন পরকিয়ার কারণে শনিবার রাতের কোনো এক সময় তারা আত্মাহত্যা করেছেন। তবে পুলিশ বলছে, এখনই কিছু বলা সম্ভব নয়, এ ঘটনার তদন্ত চলছে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, ওই গৃহবধূর নাম ফাতেমা খাতুন (৪০)। তিনি উপজেলার শ্রীপতিপুর গ্রামের শেখ হাসানের স্ত্রী। অপরজনের নাম করিম পাড় (৩০)। তিনি শ্যামনগর উপজেলার ধুমঘাট দক্ষিণপাড়ার জয়নাল পাড়ের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নজরুল ইসলাম বলেন, “সকালে শেখ আব্দুল হাই আমাকে ফোন করে জানান, ‘আমার বাড়িতে দু’জন আত্মহত্যা করেছে। থানা পুলিশকে জানাও।’ গৃহবধূ ফাতেমা শেখ আব্দুল হাইয়ের ছেলের বউ। আব্দুল হাইয়ের ছেলে হাসান কিছুটা মানসিক ভারসাম্যহীন। পরকিয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে সবাই ধারণা করছে।”

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর সাংবাদিকদের জানান, সকাল সাড়ে-৭টার দিকে মোবাইল ফোনে ঘটনাটি থানায় জানানোর পর লাশ দুটি উদ্ধার করা হয়েছে। একটি আমগাছের সাথে একই রশিতে ঝুলছিল লাশ দুটি। কী কারণে তারা আত্মহত্যা করেছে তার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশগুলো সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।