মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়ের সুর্যনগর সংলগ্ন গুপ্তেরকান্দি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ্চরগামী একটি ড্রাম ট্রাকের সাথে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু হয়। নিহতরা হলেন, ফরিদপুরের সদরপুর উপজেলার চর মানাইর এলাকার খালেক বাংগীর ছেলে আয়নাল হোসেন (৪৫) এবং সামছু বাংগীর ছেলে আমির হোসেন (২২)। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক মো: সালাহউদ্দিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, সন্ধ্যায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



