মাদারীপুরে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। বর্তমানে শকুনটি চরমুগরিয়া ইকোপার্কে বানরের খাঁচায় রাখা হয়েছে।
সোমবার দুপুরে শহরের পুরানবাজার গোশত বিক্রির স্থানে মুরগির খাঁচায় একটি শকুন আটকানো অবস্থায় রয়েছে, যা বিক্রির চেষ্টা করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শকুনটিকে উদ্ধার করে মাদারীপুর বন বিভাগে নিয়ে আসেন।
মাদারীপুর বনবিভাগ কর্মকর্তা তাপস কুমার সেন গুপ্ত জানান, ‘প্রায়ই শহরের এক কবুতর পালনকারীর কবুতর খেয়ে ফেলতো শকুনটি। পরে বিরক্ত হয়ে কৌশলে শকুনটিকে খাঁচায় বন্দি করেন এবং শহরের পুরানবাজার গোশত বিক্রির স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন তিনি। উদ্ধারকৃত শকুনটির ব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক ও খুলনা বন বিভাগকে জানানো হয়েছে। ইতিমধ্যে শকুনটিকে স্থানান্তরের উদ্দেশ্যে খুলনা থেকে একটি টিম মাদারীপুরের উদ্দেশে রওনা হয়েছেন।
তবে তাদের পৌঁছাতে রাত হয়ে যাওয়ায়, শকুনটিকে আপাতত রাতে মাদারীপুর চরমুগরিয়া ইকোপার্কের বানরের খাঁচায় রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার খুলনা বন বিভাগে শকুনটিকে নিয়ে যাওয়া হবে।



