মানিকগঞ্জের শিবালয়ে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী দুই ভাইকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। মুন্সিগঞ্জ ও আশুলিয়া থানা এলাকায় অভিযান শেষে উদ্ধারকৃত ভিকটিমসহ অপহরণকারী রাকিব (২৫) ও রনিকে (২৩) বুধবার সকালে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত দুই ভাই মানিকগঞ্জ সদর থানার কেওরজানী গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

জানা গেছে, উপজেলার মহাদেবপুর উত্তরপাড়া গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে ও স্থানীয় বরংগাঈল জিসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ওই মেয়েকে গত ২৪ জানুয়ারি ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাঈল এলাকা থেকে একটি হাইস মাইক্রোবাসে করে অপহরণকারীরা তুলে নিয়ে যায়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা চিহ্নিত পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো দুই থেকে তিনজনকে আসামি করে থানায় অভিযোগ করেন।

শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফিরোজ কবির জানিয়েছেন, অভিযোগ প্রাপ্তির পর স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত ছিল। অবশেষে বিশেষ ব্যবস্থাপনায় অপহরণকারীদের অবস্থান নির্ণয় করে থানার ওসি (তদন্ত) আশীষ কুমার স্যান্নালের নেতৃত্বে এসআই আলামিন ও বিনয় কুমার হালদার মঙ্গলবার রাতে ভিকটিম উদ্ধারসহ এজাহারনামীয় অপহরণকারী দুই ভাইকে গ্রেফতার করেন।