মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও কালকিনি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৪ ফেব্রুয়ারি কালকিনি পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে এ নির্বাচন স্থগিত রাখার আদেশ দেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া এ নির্বাচন স্থগিত থাকবে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কালকিনি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন- আওয়ামী লীগের এস এম হানিফ, বিএনপির মো: কামাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের লুৎফার রহমান, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সবুজ ও সোহেল রানা মিঠু।

চতুর্থ ধাপের এ নির্বাচনে কালকিনি পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। এ পৌরসভায় মোট ভোটার ৩৩ হাজার ৪০০ জন। তাদের মধ্যে নারী ১৬ হাজার ৭০০ এবং পুরুষ ১৭ হাজার ৩০০ জন।