শেরপুরের নালিতাবাড়ীতে নদী থেকে বালু তুলতে গিয়ে রিপন (৩৫) নামে এক বালুশ্রমিক নিহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের চেল্লাখালি নদীর বুরোংগা পোড়াবাড়ী এলাকায় প্রায় ২০ ফুট নিচ থেকে শ্যালো চালিত ড্রেজার দিয়ে বালু তোলার সময় বুধবার বিকালে নদীর পার ভেঙে বালুশ্রমিকের ওপর পড়ে গেলে সাথে থাকা অন্য শ্রমিকরা তাকে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হন। পরে দমকল বাহিনী খবর দিলে ৫ ঘণ্টা চেষ্টা করে রাত ১০টায় উদ্ধার করে। নিহত শ্রমিক আন্ধারুপাড়া গ্রামের মৃত হুরমুজ আলীর ছেলে। নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, নিহত রিপনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।