ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হলের বর্ধিতাংশ শাহনেওয়াজ ভবনের উত্তর পাশে ডাস্টবিন নির্মাণ করায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা। রাজধানীর নিউ মার্কেটের পেছনে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের বর্ধিত অংশ শাহনেওয়াজ ভবনে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা থাকেন। ভবনের উত্তর পাশে গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে ডাস্টবিন নির্মাণ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তবে হল থেকে মাত্র ১০ ফিট দূরে হওয়ায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।
সরেজমিন দেখা যায়, শাহনেওয়াজ ভবনের উত্তরে ও আজিমপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এই ডাস্টবিন স্থাপন করা হচ্ছে।
ডাস্টবিন নির্মাণের প্রতিবাদে গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নিউ মার্কেটের বটতলায় অবস্থিত ভবনের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করেন তারা। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী আবদুল্লাহ আল কাফির উদ্যোগে মানববন্ধনে শাহনেওয়াজ ভবনের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘আমাদের হলের পাশে ডাস্টবিন মানি না’, ‘নগরের উন্নয়ন ছাত্রাবাস আজ বর্জ্য ভবন’, ‘ডস্টিবিন চাই না এমন নয় সেটা হতে পারে অন্য জায়গায়’, ‘নগর পিতার প্রতি আহ্বান ডাস্টবিনের প্রতিস্থাপন’, ‘হলের পাশে ডাস্টবিন কে তুমি বিবেকহীন?’ ইত্যাদি লেখাসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা তারা ডাস্টবিন নির্মাণের প্রতিবাদে বিভিন্ন ধরনের রোড পেইন্টিং করেন।
মানববন্ধনের নেতৃত্ব দেয়া আবদুল্লাহ আল কাফী বলেন, সিটি করপোরেশন ভবনের পাশে যে ডাস্টবিন নির্মাণ করছেন তা শিক্ষার্থীদের জন্য দুর্ভোগ সৃষ্টি করবে। আমরা এ ডাস্টবিনের বিরুদ্ধে না। তবে তা হলের পাশে স্থাপন না করে তারা যেন অন্য কোনো জায়গায় স্থাপন করেন। এ বিষয়ে আমরা হলের প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারকে বিষয়টি অবহিত করেছি। তারা বলছেন এটি যেহেতু হলের দেয়ালঘেঁষে না তাই সমস্যা হওয়ার কথা নয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এই ডাস্টবিন নির্মাণে যে পরিমাণ দুর্গন্ধ ছড়াবে তাতে শিক্ষার্থীদের হলে থাকা দুষ্কর হয়েছিল হয়ে পড়বে। এ ছাড়া ডাস্টবিনের দুর্গন্ধের কারণে আশপাশের পরিবেশের ওপর তা মারাত্মক প্রভাব ফেলবে। এতে এক দিকে যেমন স্বাস্থ্যঝুঁকি বাড়বে, অন্য দিকে এর পাশ দিয়ে ওয়ানওয়ে রোড হওয়ায় তীব্র যানজট সৃষ্টি করবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী বলেন, আমরা শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এটা দেখে আসছি। এটা যেহেতু দেয়ালঘেঁষে না, তাই সমস্যা হওয়ার কথা না। তা ছাড়া এটা সিটি করপোরেশনের কাজ, তারা ভেবে চিন্তে এখানে স্থাপন করেছে। তবুও আমরা তাদের সাথে এ বিষয়ে কথা বলছি শিক্ষার্থীরাও তাদের পরামর্শ কর্তৃপক্ষকে জানাতে পারে।
ঢাবিতে হলের পাশে ডাস্টবিন নির্মাণ স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হলের বর্ধিতাংশ শাহনেওয়াজ ভবনের উত্তর পাশে ডাস্টবিন নির্মাণ করায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা। রাজধানীর নিউ মার্কেটের পেছনে অবস্থিত...



