কুড়িগ্রামে নানা আয়োজনে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক রাউফুন বসুনিয়ার শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাইকপাড়ায় রাউফুন বসুনিয়ার নিজ গ্রামে এক শোক র্যালি শেষে তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
পরে ছিনাই শহীদ মিনার চত্বরে বসুনিয়ার স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো: জাফর আলী, রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক এস এম ছানালাল বকসী, ৮০’র দশকের ছাত্রনেতা এমদাদুল হক এমদাদ, মাজেদ আলী, অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, শ্যামল ভৌমিক, দুলাল বোস, সাত কুরি রায় নিলু, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব নিলু, ছিনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাদেকুল হক নুরু, রাউফুন বসুনিয়ার ছোট ভাই মিনার বসুনিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সামনে স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে একটি মিছিলে নেতৃত্ব দেয়ার সময় স্বৈরাচার এরশাদ সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই নিহত হন ছাত্রনেতা রাউফুন বসুনিয়া। পরে তার লাশ গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাইক পাড়ায় এনে দাফন করা হয়।