চতুর্থ ধাপে অনুষ্ঠিত খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীকে পাঁচ হাজার ৭২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র মো: সামছুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী মো: জাহাঙ্গীর আলম মোবাইল প্রতীকে পেয়েছেন তিন হাজার ৭৫৭ ভোট। এ ছাড়া বিএনপি মনোনীত প্রার্থী মো: শাহাজালাল কাজল ধানের শীষ প্রতীকে পেয়েছেন তিন হাজার ৭১০ ভোট।
নির্বাচনে ১৮ হাজার ৯৬৫ ভোটারের মধ্যে ১৩ হাজার ৪৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার মো: রাজু আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।
এবারে মাটিরাঙ্গা পৌরসভার নির্বাচনে মেয়র পদে তিনজন, ৯টি ওয়ার্ড থেকে ৪০ জন সাধারণ কাউন্সিলর ও পাঁচজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
উল্লেখ্য, মাটিরাঙ্গা পৌরসভার নির্বাচনে মোট ভোটার ১৮ হাজার ৯৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮০৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১৫৯ জন।



