সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পড়ে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার চাপায় আতর আলী (৭০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। তিনি উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী নুরুপাড়া গ্রামের মৃত লখাই আলীর ছেলে।
সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার সিলেট-ভাদেশ্বর সড়কের রাঙ্গাডহরবাজার সংলগ্ন ফাহিম কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে যান বলে জানা গেছে।
তবে স্থানীয়রা মোটরসাইকেল আরোহী নাহিদ আহমদ ও সহযোগী রুহান আহমদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক মোটরসাইকেল আরোহী নাহিদ আহমদের বাড়ি সিলেট সদর উপজেলার শাহী ঈদগাহ এলাকায় এবং তিনি মৃত মোহাম্মদ শহিদুল ইসলামের ছেলে। তার সহযোগী রুহান আহমদের বাড়ি একই উপজেলার সিলেট সিটি করপোরেশনের নয়া সড়ক এলাকায়। তিনি আব্দুল কালামের ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মোটরসাইকেল আরোহী ও সহযোগীকে আটক করে থানায় নিয়ে যায়। রিপোর্টটি লেখা পর্যন্ত নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে অনুমানিক ৫টার দিকে দিনমজুর আতর আলী উপজেলার সিলেট-ভাদেশ্বর সড়কের রাঙ্গাডহরবাজার সংলগ্ন ফাহিম কমিউনিটি সেন্টারের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় সিলেটগামী মোটরসাইকেল আতর আলীকে ধাক্কা দিলে তিনি সড়কের মাঝখানে ছিটকে পড়েন। এ সময় মোটরসাইকেলের পিছনে আসা দ্রুতগামী একটি অটোরিকশা আতর আলীর মাথার উপর দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মোটরসাইকেলসহ আরোহী ও তার সহযোগীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



