টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক খালেক (৫০) সিরাজগঞ্জের সলঙ্গার বনবাড়ীয়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম।

তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় পৌঁছলে টাঙ্গাইলগামী ধানের তুষবোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। আহত হন আরো চারজন। পরে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাকবলিত গাড়ি সরানোর পড়ে যান চলাচল স্বাভাবিক হয়।