নওগাঁর মান্দায় ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত দম্পতির মেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার মান্দা-নিয়ামতপুর আঞ্চলিক সড়কের গোয়ালপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁর নিয়ামতপুর উপজেলার দারাজপুর গ্রামের সইবর আলী তার স্ত্রী রেহেনা বেগম ও মেয়ে শাকিলাসহ মোটরসাইকেলেযোগে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে ঘাতক ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই রেহেনা বেগমের মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে। এছাড়া সইবর আলী ও মেয়ে শাকিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সইবর আলীকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর জখম অবস্থায় মেয়ে শাকিলাকে ভর্তি করা হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
মান্দা থানার পরিদর্শক শাহিনুর রহমান শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। একই সময় দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে।
এছাড়া পরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহীতে সইবর আলীর মৃত্যু হয়েছে জানিয়ে ওসি বলেন, এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।



