মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর বাজারের কৃষি ব্যাংকের সামনের দোকান থেকে মোটরসাইকেলের তেল নেয়ার সময় রোববার সকালে ইট বোঝাই ট্রাকের ধাক্কায় রাজু (২৯) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি স্থানীয় কাদিরপাড়া গ্রামের আমির মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গড়াই ব্রিকসের একটি ইট বোঝাই গাড়ি রাধানগর বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী রাজুকে পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় এলাকাবাসী ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেয়। এ সময় ট্রাকটির ড্রাইভার গণপিটুনিতে গুরুতর আহত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। লাশ মাগুরা মর্গে পাঠানো হয়েছে।