চুরি করতে এসে কুমিল্লায় স্বর্ণসহ কক্সবাজারের ইউপি মেম্বার আরজু খাতুন আটক হয়েছেন। তার বিরুদ্ধে এর আগেও একই দোকানে স্বর্ণ চুরি করার অভিযোগ নিশ্চিত করেছেন দোকান মালিক।
মঙ্গলবার কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরে আপন অর্নামেন্টস নামের একটি জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে। পরে দোকান মালিক জয়নাল আবেদীন আপন বাদি হয়ে তিনজনের নামে মামলা দায়ের করলে মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
একই ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান আরজু খাতুন (৫২), একই গ্রামের ফররুখ আহম্মদের ছেলে শাহাদত হোসেন (২০) ও কুমিল্লার কালিয়াজুরি এলাকার মৃত রাসেল মিয়ার স্ত্রী পাখি বেগম (৩৫)।
সূত্র জানায়, আরজু দোকানে এলে তার আচরণে দোকান কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় তল্লাশি করলে স্বর্ণালঙ্কার উদ্ধার হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে এক মাস আগে চুরির বিষয়টিও নিশ্চিত হন দোকান মালিক।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি দুপুরে জুয়েলারি দোকানের সিসিটিভি ফুটেজে নারী চোরের মাধ্যমে চুরির বিষয়টি নিশ্চিত হয় দোকান মালিক। কিন্তু তাদের খোঁজ মিলেনি। ঘটনার এক মাস পর পুনরায় তারা এ দোকানে আসে। স্বর্ণ কেনার নামে তারা দেখাদেখির এক পর্যায়ে কৌশলে একটি নাকফুল ও একটি আংটি চুরি করে দোকান ত্যাগ করে। এ সময় স্বর্ণ গুছিয়ে রাখার সময় গড়মিল দেখে তাদের ডেকে এনে তল্লাশি করলে নাকফুল ও আংটি উদ্ধার করা হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে আগের চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততা নিশ্চিত হয় দোকান কর্তৃপক্ষ।
দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, সিসিটিভির ফুটেজ দেখে এক মাস আগে চুরির ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় দোকান মালিক বাদি হয়ে তিনজনের নামে মামলা দায়ের করেছেন। তাদেরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।