চাটখিল উপজেলার দশঘরিয়া তপাদার বাড়ির রমিজ উদ্দিন আদম বেপারির খপ্পরে পড়ে ভিটে বাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভুয়া আদম বেপারি রামগঞ্জের মো: আলমের (৫৫) কাছে রমিজ তার প্রাপ্য টাকা চাইলে সে রমিজকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে রমিজ উদ্দিন গত মঙ্গলবার রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হীরাপুর গ্রামের মৃত জাফর আহম্মদের ছেলে আলম রমিজের ছোট ভাইয়ের ভায়রা। আত্মীয়তার সুবাধে আলম সৌদি আরবে লোক পাঠাবে বলে আবদুল্লাহ ট্রেডিং ঢাকা নাম ব্যবহার করে রমিজের মাধ্যমে চাটখিলের দশঘরিয়া গ্রামের তিনজন ও রামগঞ্জের করপাড়া গ্রামের একজনের কাছ থেকে পাঁচ লাখ করে সর্বমোট ২০ লাখ টাকা নেয়। টাকা নেয়ার কথা স্বীকার করে প্রায় ১০ বছর আগে আলম রমিজকে একটি অঙ্গীকারনামা দেয়। কিন্তু অঙ্গীকারনামা অনুযায়ী কাজ না করে আলম টালবাহনা শুরু করে। এ দিকে রমিজ চারজনের টাকা পরিশোধ করতে গিয়ে তার ভিটে-বাড়ি বিক্রি করে পথে বসেছেন। এ ছাড়া আলম তার বিরুদ্ধে কোথাও অভিযোগ করলে অজ্ঞাত টেলিফোন থেকে রমিজকে প্রাণনাশের হুমকি দেয়। এতে রমিজ আতঙ্কে দিন কাটাচ্ছে। রমিজ তার প্রাপ্য টাকা আদায় এবং নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আদম বেপারি আলমের গ্রামের বাড়িতে খোঁজখবর নিয়ে জানা যায়, এ রকম অনেকের টাকা আত্মসাৎ করে সে গত কয়েক বছর ধরে গ্রামের বাড়িতে আসে না। ঢাকায় পালিয়ে রয়েছে।
রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগপ্রাপ্তির কথা স্বীকার করে বলেন, আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



