মাদারীপুরের রাজৈর উপজেলার পৌরসভাধীন ঘোষালকান্দি গ্রামের সাহাবুদ্দিন আহমেদ (২৪) নামে এক যুবকের দক্ষিণ আফ্রিকায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি কালু আহমেদের ছেলে এবং টেকেরহাট বন্দরের ইয়াছিন ডিজিটাল সাইনের মালিক।
পারিবারিক সূত্রে জানা যায় গত ১৯ ফেব্রুয়ারি দালালের মাধ্যমে চোরাইপথে পাহাড় জঙ্গল পেরিয়ে ২৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় পৌঁছান সাহাবুদ্দিন। দুর্গম পথে শারীরিক পরিশ্রম ও পোকামাকড়ের কামড়ে জ্বরে আক্রান্ত হয়ে গত ২৭ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে তিনি মারা যান। তার দুটি নাবালক সন্তান রয়েছে। তার মৃত্যু সংবাদে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাহাবুদ্দিনের বড় ভাই তছিরউদ্দিন জানান, আমার ভাই অনেক দেনা করে বিদেশ যায়। কিন্তু তার মৃত্যুতে আমরা এখন দিশেহারা হয়ে পড়েছি। আমার ভাইয়ের লাশটি দেশে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন রাখছি।