কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি এখন চরম ঝুঁকির কারণ। যে কোনো মুহূর্তে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি করেছেন স্থানীয় ও পথচারীরা।
দেবিদ্বার-চান্দিনা সড়কের ভূষণা এলাকায় পল্লী বিদ্যুতের তিনটি খুঁটির কারণে সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ কাজ আটকে আছে। তাছাড়া রাস্তার পাশে ড্রেন করার জন্য মাটি খোঁড়ার কারণে খুঁটিগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তার সাথে বাখরাবাদ গ্যাসের লাইনের পাইপও ঝুঁকিতে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দেবিদ্বার পৌরসভা থেকে বারবার বলা সত্ত্বেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না বলে জানা যায়। যার ফলে ড্রেন নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
ড্রেন নির্মাণের ঠিকাদার আবু কাউসার বলেন, বিদ্যুৎ খুঁটির ও জ্বালানি গ্যাসের লাইন ড্রেনের মাঝ থেকে সরিয়ে নেয়ার আবেদন করা হয়েছে এক মাস আগে। কর্তৃপক্ষ এখনো কোনো কাজ করেনি।
এ ব্যাপারে দেবিদ্বার পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মৃণালকান্তি চৌধুরী বলেন, কুমিল্লা পবিস-১ এর সদর দফতর চান্দিনা অফিস ঠিকাদারের মাধ্যমে কাজটি সম্পন্ন করার উদ্যোগ নিলেও ঠিকাদারের গাফিলতির কারণে খুঁটিগুলো নিরাপদ স্থানে স্থানান্তর করা সম্ভব হচ্ছে না।