নিখোঁজের তিন দিন পরে লাভলী আক্তার (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লাভলী বেগমের স্বামী তাইবুল ইসলামকে আটক করেছে পুলিশ। বুধবার শেষ বিকেলে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা ফরেস্ট সংলগ্ন একটি ভুট্টাক্ষেত থেকে মুখে ওড়না বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবার রাতে লাভলী বেগমের বাবা রশিদুল ইসলাম বাদি হয়ে একাধিক অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ডিমলা থানার পুলিশ জানায়, সংবাদ পেয়ে বুধবার বেলা ১১টায় তারা ঘটনাস্থলে পৌঁছে দেখে একটি ভুট্টাক্ষেতে মুখে ওড়না বাঁধা অবস্থায় লাশটি পড়ে আছে। এলাকার লোকজন কেউ লাশটি শনাক্ত করতে পারছিল না। একপর্যায়ে বেলা ৩টার দিকে রশিদুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ এসে লাশ শনাক্ত করে বলেন, এটি আমার মেয়ে লাভলী বেগম। ওই বৃদ্ধের বাড়ি পাশের ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের পূর্ব আমবাড়ী গ্রামে।
লাভলী আক্তারের বাবা রশিদুল ইসলাম দাবি করেন, গত রোববার বিকেল থেকে জেলার পাশের ডোমার উপজেলার পূর্ব আমবাড়ী গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মেয়ে নিখোঁজ হয়। অপর দিকে তার স্বামী তাইবুল ইসলাম দাবি করেন, সোমবার বিকেলে মৌজা বামুনিয়া গ্রামের জহুরুল ইসলাম নামে তার এক ভগ্নিপতির বাড়িতে যাওয়ার কথা বলে লাভলী বাড়ি থেকে বেড় হয়ে যায়।
ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, হত্যার ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য লাভলী বেগমের স্বামী তাইবুল ইসলামকে আটক করা হয়েছে।