মাদারীপুরের শিবচর উপশহরের পূর্ব দিকে ময়নাকাটা নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে শিবচর থানা পুলিশ অর্ধগলিত এ লাশ উদ্ধার করে।
নিহত এনায়েত শেখ শিবচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নলগোড়া খাঁজার ডেক এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো: ফকু শেখের ছেলে।
নিহতের বড় ভাই মো: ইলিয়াস শেখ বলেন, ‘আমার ছোট ভাই পেশায় একজন অটোচালক। একদিন রাতে অটোগাড়ি নিয়ে বের হয়েছে। এরপর আর বাসায় ফেরেনি। দীর্ঘ ১১ দিন যাবৎ নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করেছি এবং ফকিরের কাছে গিয়ে তদবির নিয়েছি। কিন্তু আমরা তাকে খুঁজে পাইনি। আজ রাত ১০টার দিকে আমার ভাইকে ময়নাকাটা নদী থেকে পুলিশ উদ্ধার করেছে।’
শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজাহার আলী (সুমন) জানান, এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলেও জানান তিনি।






