গাজীপুরে পরিবেশের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা ও পরিবেশ দূষণের দায়ে ৯টি ইটভাটাকে ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দিনব্যাপী পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এসব ইটভাটা ভেঙ্গে দেয় এবং জরিমানা আদায় করে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো: আশরাফ উদ্দিন ও মমিন ভূঁইয়া। গাজীপুর র্যাব-১ ও পুলিশ সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভোঙ্গাবাড়ি এলাকায় মেসার্স পদ্মা ব্রিকস ম্যানুফ্যাকচারকে ছয় লাখ টাকা, সোনাখালী এলাকায় মেসার্স কোনাবাড়ি ব্রিকসকে ছয় লাখ টাকা ও সূত্রাপুর এলাকায় মেসার্স এ বি এম এন্টারপ্রাইজকে এক লাখ টাকা এবং মেসার্স শিলাবৃষ্টি ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
পরে একই উপজেলার উত্তর দারিয়াপুর এলাকায় মেসার্স কিরণ ব্রিকসকে ছয় লাখ টাকা, মেসার্স স্টার ব্রিকসকে ছয় লাখ টাকা ও মেসার্স সান ব্রিকসকে ছয় লাখ টাকা, খাজা মইন উদ্দিন ব্রিকসকে ছয় লাখ টাকা ও মেসার্স কুমিদপুর ব্রিকস ম্যানুফ্যাকচারকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।
এসব ইটভাটা ভেঙ্গে দেয়া হয়েছে। ওই ৯টি ইটভাটা মালিককে মোট ৪৪ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
পরে পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পলাশতলী এলাকায় মেসার্স মুন ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।
গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো: আব্দুস সালাম সরকার জানান, পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ৯টি ইটভাটা মালিককে ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ দূষণ বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



