মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকায় মাটিবাহী মাহেন্দ্র ট্রলির চাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার কাশিমনগর ঘাটসংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদ ও জান্নাতুল বাকি কবরস্থানের মাঝের রাস্তায় এ দুর্ঘটনা হয়।
নিহত দেলোয়ার হোসেন ধলু মিয়া পেশায় রাজমিস্ত্রি। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ইখালি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করেছে। তবে ট্রলিচালক পালিয়েছে।
জানা গেছে, পাশের তালেবপুর ইউনিয়নের চর রাজেন্দ্রপুর গ্রামের হাজী আক্কাছ খানের বাড়ির ভাড়াটিয়া দেলোয়ার হোসেন ধলু মিয়া (৪০) মোটরসাইকেলে উপজেলার বায়রা হাটে যাচ্ছিলেন। ধলেশ্বরী নদী পার হয়ে ওই স্থানে পৌঁছলে নদী থেকে মাটি আনতে যাওয়া বেপরোয়া গতির একটি মাহেন্দ্র ট্রলি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহত ধলু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। স্বজনরা সাভারের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডা: ফাতিমা হক জানান, হেড ইনজুরির কারণে ধলু মিয়ার নাক মুখ দিয়ে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার এসআই তারেক জানান, ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



