জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ওয়াহেদ আলী (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার হিচমী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াহেদ আলী হিচমী মণ্ডল পাড়া গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াহেদ আলী জয়পুরহাট শহর থেকে বাড়িতে যাওয়ার পথে হিচমী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, দুর্ঘটনার খবর জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।