লক্ষ্মীপুরের রামগঞ্জে বৈদ্যুতিক ত্রুটি থেকে বসতঘরে আগুন লেগে মায়া আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার ভোর ৪টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়েনের পুর্ববিগা গ্রামে এ দুর্ঘটনা হয়।
মায়া আক্তার মৃত সুজা মিয়ার মেয়ে ও মানসিক প্রতিবন্ধী ছিলেন। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসকর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় আগুনে দু’টি বসতঘর পুড়ে ছাই হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা কুতুবউল্যাহর বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মুহূর্তেই দু’টি বসতঘর পুড়ে যায়। এ সময় ওই ঘরে ঘুমিয়ে থাকা মানসিক প্রতিবন্ধী মায়া আক্তারের মৃত্যু হয়। একইসাথে দুই ঘরের আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে জানা গেছে। রামগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ আবদুর রশিদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার আশ্বাস দেন।



