জামালপুরে বাবাকে হত্যা মামলার রায়ে আসামি ছেলে সবুজ মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিচার প্রক্রিয়া শেষে দীর্ঘ ছয় বছর পর রোববার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ জুলফিকার আলী খাঁন এ রায় দেন।
রায় ঘোষণার পর আসামি সবুজ মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি নির্মল কান্তি ভদ্র, আসামিপক্ষে ছিলেন আইনজীবী আশরাফুল হোসাইন।
নিহত ইমান আলীর ছেলে বাদল মিয়া সহোদর সবুজ মিয়াকে আসামি করে জামালপুর সদর থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
আদালত সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ কৈডোলা গ্রামের ইমান আলীর ছেলে সবুজ মিয়া ২০১৬ সালে ইউপি নির্বাচনে অংশগ্রহণের জন্য পারিবারিক জমিজমা থেকে একটি অংশ তাকে লিখে দেয়ার জন্য বাবাকে চাপ দেন। এতে তার বাবা রাজি না হওয়ায় বৃদ্ধ বাবাসহ পরিবারের অন্যদের সাথে সবুজ মিয়ার প্রায়ই ঝগড়া হতো। এর ধারাবাহিকতায় ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি দুপুরে স্থানীয় মাদরাসার কাছে জমিতে কাজ করার সময় বাবা ইমান আলীকে কিল-ঘুষি মেরে হত্যা করেন সবুজ মিয়া।
এ ঘটনায় মামলা হলে ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করে বিচার প্রক্রিয়া শেষে আদালত সবুজকে মৃত্যুদণ্ড দেয়।



