জামালপুরে পিতা হত্যা মামলার রায়ে আসামি ছেলে সবুজ মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিচার প্রক্রিয়া শেষে দীর্ঘ ছয় বছর পর গতকাল রোববার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ জুলফিকার আলী খান মামলাটির রায় দেন। রায় ঘোষণার পর আসামি সবুজ মিয়াকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ কৈডোলা গ্রামের মৃত ইমান আলীর ছেলে সবুজ মিয়া ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য পারিবারিক জমিজমার তার অংশের জমি লিখে দেয়ার জন্য পিতাকে চাপ দেন। সবুজ মিয়া এ নিয়ে তার পিতাসহ পরিবারের স্বজনদের সাথে মাঝেমধ্যেই ঝগড়া করতেন। পিতা জমি লিখে না দেয়ার ক্ষোভে ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি দুপুরে সবুজ মিয়া স্থানীয় মাদরাসার কাছে জমিতে কাজ করার সময় তার পিতা ইমান আলীকে কিল-ঘুষি মেরে হত্যা করেন।
এ ঘটনায় নিহত ইমান আলীর ছেলে বাদল মিয়া বাদি হয়ে সহোদর সবুজ মিয়াকে আসামি করে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচার প্রক্রিয়ায় ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করে অভিযোগ প্রমাণিত হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি নির্মল কান্তি ভদ্র এবং আসামিপক্ষ সমর্থন করেন আইনজীবী আশরাফুল হোসাইন।