নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ঘোষিত আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির অনুমতি না দিয়ে তাকে ইনডোরে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান করার জন্য বলা হয়েছে।

কাদের মির্জার আবেদনের জবাবে সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বসুরহাট পৌরসভা কর্তৃক বর্ণাঢ্য র‌্যালি, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করার জন্য আবেদন করা হয়েছে। কিন্তু পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, নোয়াখালীর মাধ্যমে জানা যায়, কোম্পানীগঞ্জে বিবদমান দুই পক্ষের মধ্যে রাজনৈতিক অস্তিরতা বিরাজমান থাকা অবস্থায় ওই অনুষ্ঠান আয়োজন করলে প্রচুর লোক সমাগম হবে। উক্ত লোক সমাগমে যেকোনো সময় উভয় পক্ষের মধ্যে পুনরায় বিবাদ ও সংঘাত সৃষ্টিসহ আইন-শৃংখলা অবনতির সম্ভাবনা রয়েছে। তাই কোম্পানীগঞ্জ থানা এলাকায় আইন-শৃংখলা রক্ষার্থে এবং করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে লোক সমাগম নিয়ন্ত্রণের লক্ষ্যে বসুরহাট পৌরসভা কর্তৃপক্ষকে ব্যাপক আকারে অনুষ্ঠান না করে স্বল্প পরিসরে ইনডোরে অনুষ্ঠান আয়োজনে পুলিশ সুপার কার্যালয় থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে।

এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের বরাতে বলা হয়, সাম্প্রতিক কালে বাংলাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাই অত্যাবশ্যকীয় নয় এমন জনসমাগম, সামাজিক অনুষ্ঠানাদি নিরুৎসাহিত করা হয়েছে।

শেষে পৌর কর্তৃপক্ষকে জনসমাগম পরিহার করে জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে অনুষ্ঠান করার অনুরোধ করা হয়।