অস্ত্র আইনের মামলায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে চার্জ শুনানির দিন ধার্য করা হয়েছে ২৯ মার্চ। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু বিচারক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম মামলার নথি পর্যালোচনা করে ওই তারিখ ধার্য করেন।
উল্লেখ্য, ২০২০ সালের ২০ নভেম্বর রাতে ঢাকার মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে গ্রেফতার করে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, কয়েক রাউন্ড গুলি, বিদেশী মদ ও প্রায় ৯ লাখ টাকার বৈদেশিক মুদ্রা। তার বাসা থেকে আট কেজি স্বর্ণ ও নগদ এক কোটি ৯ লাখ টাকাও জব্দ করা হয়। এ ঘটনায় ঢাকার বাড্ডা থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দু’টি মামলা করে র্যাব। চলতি বছরের ২৬ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মালেক অস্ত্র ও মাদক মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।



