এক দিনের ব্যবধানে মির্জা আজম এমপির করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন জামালপুরের মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য (এমপি) মির্জা আজম।

বুধবার তিনি নিজেই গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন।

মির্জা আজম এমপি জানান, সোমবার দেয়া তার নমুনা পরীক্ষায় প্রথম করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই দিন সকালে জাতীয় সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারে করোনা পরীক্ষার জন্য তিনি নমুনা দেন। একই দিন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে তার নমুনা পরীক্ষা হয়। পরের দিন মঙ্গলবার সকালে হাতে পাওয়া রিপোর্টে করোনা পজিটিভ আসে।

মির্জা আজম জানান, করোনা পজিটিভ এলেও তার শরীরে কোনো সমস্যা না থাকায় সন্দেহ দূর করতে তিনি মঙ্গলবার সকালে পুনরায় জাতীয় সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারে নমুনা দেন। একই ল্যাবে নমুনা পরীক্ষা হয়। বুধবার সকালে হাতে পাওয়া ওই রিপোর্টে তার করোনা নেগেটিভ আসে।

নতুন রিপোর্ট হাতে পেয়ে তিনি নিজেই জামালপুরের সাংবাদিকদের কাছে বিষয়টি জানান। এর আগে মঙ্গলবার রাতে করোনা পজিটিভ হওয়ার তথ্যও তিনি নিজেই সাংবাদিকদের জানিয়েছিলেন।

একই আসন থেকে টানা ছয়বারের নির্বাচিত এই এমপি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন ১ এপ্রিল শুরু হবে। ওই অধিবেশনে যোগ দিতে শারীরিক যোগ্যতা জানার জন্য মির্জা আজম এমপি ১৫ মার্চ প্রথম করোনা পরীক্ষা করান। প্রথম রিপোর্ট পেয়ে তিনি রাজধানীর ন্যাম ভবনে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।

এ দিকে সংসদ সদস্য মির্জা আজম করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি এলাকায় জানাজানি হলে জামালপুর জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তার সুস্থতা কামনা করেন। তবে দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসায় তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এ ব্যাপারে মির্জা আজম এমপি সাংবাদিকদের বলেন, দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ ফল আসায় আমি স্বস্তিতে আছি। আমি সুস্থ আছি। প্রথমবার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ফল শুনে যারা আমার সুস্থতা কামনা করে দোয়া করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।