আসন্ন দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন ৯ প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৬৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: এরশাদুল হক মিয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মেয়র পদে মনোনয়ন জমা দেয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সহ-সভাপতি নূর নেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও আবু বক্কর আবু, যুবদলের পৌর আহ্বায়ক ফরিদুল ইসলাম, দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক সাংবাদিক যাকারিয়া ইবনে ইউসুফ, দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিউটন, সাবেক বিএনপির সাধারণ সম্পাদক এফ এস এম মোবাকখারুল আলম বাবু এবং মাসুদ পারভেজ।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ এপ্রিল দেবীগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ এবং প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে ২৫ মার্চ।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৪ সালে দেবীগঞ্জ সদর ও দেবীডুবা ইউনিয়নের কিছু অংশ নিয়ে এই পৌরসভা ঘোষণা হয়। দীর্ঘদিন সীমানা জটিলতা থাকায় এবারই প্রথম ভোট হচ্ছে। মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৯১৪ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৩৩৬ জন এবং নারী ৫ হাজার ৫৭৮ জন।