খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় ট্রাক চাপায় মো: হানিফ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মো: হানিফ মাটিরাঙ্গা পৌরসভার চরপাড়া গ্রামের মৃত মোতাহের হোসেনের ছেলে। সে পেশায় ট্রাকের হেলপার।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা যাচ্ছিলেন মো: হানিফ। সাপমারা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে ট্রাকের নীচে চাপা পড়ে তিনি। এতে হানিফ ও নাজিম নামে দুজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসলে মো: হানিফ (২৭) মারা যান।
মো: নাজিম (২০) নামে আরেক মোটরসাইকেল চালকের ডান পায়ের ওপরের অংশ থেতলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।



