কুড়িগ্রামে সন্ত্রাসী হামলায় জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও কলেজ শিক্ষক আতাউর রহমান মিন্টুর এক হাত কেটে বিচ্ছিন্ন হয়ে যাওয়াসহ তাকে গুরুতর আহত করার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের উদ্যোগে শহরের কলেজমোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে একই দাবিতে শহরের মজিদা আদর্শ মহাবিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, সহকারী অধ্যাপক রাম গোপাল সরকার, প্রভাষক হারুন অর রশীদ, প্রভাষক সুরাইয়া আকতার, প্রভাষক মামুন সেলিম প্রমুখ। বক্তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন।



