গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে মাটিচাপা পড়ে আপন দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলেন কিশামত সদর গ্রামের মাসুদ মিয়ার দুই ছেলে আব্দুল আলী (৭) ও আবির আলী (৪) এবং শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৩)।

পরিবারের লোকজন জানায়, শিশুদের না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে রাস্তার পাশে গর্তে মাটিচাপা পড়া এক শিশুর পা দেখতে পায়। পরে মাটির নিচ থেকে তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে ওই গ্রামে ভেকু দিয়ে মাটি কেটে রাস্তা সংস্কার করা হয়। এতে রাস্তার পাশে বড়-বড় গর্তের সৃষ্টি হয়। তিন শিশু ওই গর্তে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তিন শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।