নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে ডুবে বাব-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার শুকুন্দী ইউনিয়নের দীঘাকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন দীঘাকান্দী গ্রামের মৃত আহাম্মদ আলী ফরাজির ছেলে জাকারিয়া ফরাজি (৫০) ও জাকারিয়ার ছেলে সাজেদুল ইসলাম সাজিদ (১০)।
জানা যায়, পেশায় কৃষক জাকারিয়া ফরাজি পার্শ্ববর্তী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সনমানিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদের চরে বোরোধান আবাদ করছিলেন। শুক্রবার সকালে জাকারিয়া জমিতে কাজে যাওয়ার সময় তার ছেলে সাজিদ সাথে যাওয়ার বায়না ধরে। ছেলের আবদার রাখতে গিয়ে জাকারিয়া তার ছেলে সাজিদকে নিয়ে বের হন। নদ পার হওয়ার জন্য সাজিদকে একটি কলাগাছে বসিয়ে জাকারিয়া পানিতে হেঁটে নদ পার হওয়ার জন্য সামনে অগ্রসর হতে থাকেন। কত দূর যেতেই পানি বেশি থাকায় জাকারিয়া নদ সাঁতরিয়ে এক হাতে কলাগাছ ধাক্কাতে ধাক্কাতে সামনের দিকে যেতে থাকেন। নদের প্রায় কিনারায় যেতেই আকস্মিকভাবে কলাগাছ ঘুরে গিয়ে সাজিদ কলাগাছ থেকে পানিতে ডুবে যায়। ছেলেকে বাঁচাতে এই সময় জাকারিয়া পানিতে ডুব দেন। অল্প কয়েক ডুব দিতেই জাকারিয়াও পানিতে তলিয়ে যান। নদের পাড়ে স্থানীয় এক ছেলের মারফত এলাকার লোকজন জানার পর তারা নদে নেমে দুজনকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দু’জনকে মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার এসআই আমিনুল ইসলাম জানান, যেহেতু পানিতে ডুবে দু’জনেরই মৃত্যু হয়েছে তাই পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।