হবিগঞ্জের বানিয়াচংয়ে আশরাফ আলী (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আশরাফ আলী আজমিরীগঞ্জ উপজেলার নগর গ্রামের আব্দুল আহাদের ছেলে।
শনিবার দুপুরে উপজেলার তিন নম্বর ইউনিয়নের মাইজের মহল্লার জাবেদ লন্ডনীর পাশের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কিশোর আশরাফ একজন শারীরিক প্রতিবন্ধী। তার বাবা একাধিক বিয়ে করায় বানিয়াচং উপজেলার দোয়াখানী গ্রামে মামা আবু তাহেরের আশ্রয়ে থেকে চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতেন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।



