নওগাঁর রানীনগরে প্রতিপক্ষের বিরুদ্ধে দেড় বিঘা জমির ভুট্টাক্ষেত কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার মিরাট ইউনিয়নের কিসমত-হরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এতে জমির বর্গাচাষী ইউনুছ আলীর প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে রোববার বিকেলে ইউনুছ আলী বাদী হয়ে প্রতিপক্ষ জাফের আলী, কাসেম আলীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের কিসমত-হরপুর গ্রামের মাঠে মৃত দশরত মৃধার ছেলে ইউনুছ আলী এবার দেড় বিঘা জমিতে ভুট্টার চাষ করেছেন। ওই জমি দীর্ঘদিন ধরে বর্গাচাষ করেন জেলার আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের উত্তর বিল গ্রামের আছির দপ্তরির ছেলে জাফের আলী, জাবেদ আলী ও কাশেম আলী। ইউনুছ আলী ভুট্টার চাষ করার পর থেকে প্রতিপক্ষ বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। এমনকি ভুট্টা এবার ইউনুছ আলীর ঘরে তুলতে পারবে না বলেও হুমকি দেয়া হয়।
গত শনিবার রাতে দেড় বিঘা ভুট্টাক্ষেত কেটে বিনষ্ট করে দুর্বৃত্তরা। আর কয়েক দিন পর ভুট্টাগুলো জমি থেকে সংগ্রহের কথা ছিল। কিন্তু জমির সব ভুট্টা গাছের মাঝামাঝি কেটে ফেলা হয়েছে।
স্থানীয় চাষি রেজাউল ও মান্নানের বলেন, রোববার সকালে নিজের খিরার ক্ষেতে গিয়ে দেখতে পান ইউনুছ আলীর ভুট্টাক্ষেতের সব গাছ কেটে সাবাড় করা হয়েছে। বিষয়টি তাৎক্ষনিক জমির বর্গাচাষী ইউনুছ আলীকে জানানো হয়।
ক্ষতিগ্রস্ত চাষি ইউনুছ আলী বলেন, অপর চাষির মাধ্যমে জানতে পেরে সকালেই ক্ষেতে গিয়ে দেখি, আমার ভুট্টাক্ষেতের সব গাছ মাঝামাঝি কেটে সাবাড় করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ওই জমি নিয়ে একই এলাকার জাফের আলী, জাবেদ আলী, কাশেম আলী, জাবেদ আলীর ছেলে আমিনুল ও এনামুল (চাঁন), জাফের আলীর ছেলে মোরশেদসহ কয়েকজনের মধ্যে বিরোধ চলে আসছে। কয়েক দিন আগেও হুমকি দিয়েছিল তারা। তারাই আমার জমির ভুট্টাক্ষেতে রাতের আধারে কেটে সাবার করেছে। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
এদিকে অভিযোগ অস্বীকার করে জাফের আলী ও জাবেদ আলী বলেন, ওই জমি আমাদের কেনা সম্পত্তি। ইউনুছ আলী জোর করে ওই জমি দখল করে ভুট্টা চাষ করে আসছে। নিজেই জমির ফসল নষ্ট করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।
রানীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



