কিশোরগঞ্জের ভৈরবে মায়ের জন্য পিঠা আনতে গিয়ে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। সোমবার সন্ধ্যায় ভৈরববাজার ঋষিপাড়া এলাকায় এ ঘটনা হয়েছে বলে জানা গেছে।

এ দিকে ধর্ষণের পর জনতার হাতে আটক অভিযুক্ত হাসান আলীকে (৩০) ছুরিকাঘাত করেছেন ওই প্রতিবন্ধীর মামাতো ভাই সাকিব (১৮)। পুলিশ দু’জনকেই আকট করেছে। এর মধ্যে হাসান আলীকে আহত অবস্থায় আটক করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কিশোরীর মা ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। অপর দিকে পুলিশ সাকিবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভৈরববাজার ঋষিপাড়ার প্রতিবন্ধী কিশোরী রাতে পিঠা আনতে গেলে একই এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে হাসান আলী তাকে কৌশলে একটি করাত কলের পাশে নির্জন স্থানে নিয়ে যান। পরে কিশোরীকে ধর্ষণ করে। স্থানীয়রা তা দেখে ফেলে হাছান আলীকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ যাওয়ার আগেই খবর পেয়ে কিশোরীর মামাতো ভাই সাকিব অভিযুক্ত হাছান আলীকে ছুরিকাঘাত করেন।

ভৈরব থানার পুলিশের উপ-পরির্দশক রফিকুল ইসলাম বলেন, ‘এলাকাবাসী ধর্ষককে আটক করে থানায় খবর দেয়। পুলিশ যাওয়ার ১৫ মিনিট আগেই ভুক্তভোগীর মামাতো ভাই সাকিব হাসানকে ছুরিকাঘাত করে। আমরা সাকিবকেও আটক করেছি। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’