ভাইয়ের সাথে অভিমান করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও লাইভের পর লক্ষ্মীপুর জেলা জজ আদালত ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন রাকিব হোসেন রোমান (২০) নামে এক যুবক।
বুধবার দুপুর ১২টার দিকে ১ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিও লাইভ দিয়ে আদালত ভবনের পঞ্চম তলার ছাদ থেকে ঝাঁপ দেন তিনি।
লক্ষ্মীপুর পৌর শহরের মজুপুর এলাকার নুরুল ইসলামের ছেলে রোমান। বড় ভাই সোহেলের দোকানে সহযোগী হিসেবে ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জেলা জজ আদালত প্রাঙ্গণে সবাই যখন নিজ নিজ কর্মে ব্যস্ত, ঠিক তখন একটি শব্দ শুনতে পান আশপাশের লোকজন। পরে তারা ছুটে এসে দেখতে পান একজন যুবক মাটিতে পড়ে আছে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন রোমানের পরিবারের লোকজন। তার বড় ভাই সোহেল গণমাধ্যমকর্মীদের জানান, সকালে রোমানকে পারিবারিক বিষয় নিয়ে বকাঝকা করা হয়। পরে দোকান থেকে অভিমান করে রোমান বের হয়ে আসে। এরপর তার মৃত্যু সংবাদ শুনতে পান বলে জানান তিনি।
জানা গেছে, আত্মহত্যার আধা ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে এক মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দেন রোমান। মাকে উদ্দেশ্য করে ভিডিও বার্তায় রোমান বলেন, আমি স্বজ্ঞানে মরতে যাচ্ছি। জীবনে অনেক ভুল করেছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি সোহেল ভাইয়ের দোকানের তামা চুরি করি নাই। আমি অনেক ভুল করেছি। আমি সুমাইয়া নামে একটি মেয়েকে বিয়ে করেছি। তার জীবন নষ্ট করেছি। তাকে সুখী করতে পারিনি। আমার অ্যাকাউন্টে ৭৫ হাজার টাকা আছে। বাড়িতে আমার ড্রয়ারে এটিএম কার্ড আছে। আমার অ্যাকাউন্টের পিন কোড নং ৭৭১০। মা, তুমি টাকা উঠিয়ে নিও। আব্বাকে বলিও আমাকে ক্ষমা করে দিতে।
এ ব্যাপারে পুলিশের আদালত পরিদর্শক কিশোর কুমার জানান, পঞ্চম তলা থেকে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। তার লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটন ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।



