রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি কলাবাগান থেকে এক তরুণীর গলায় ওড়না প্যাঁচানো বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে কালুখালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া লাশটি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরচিলকা গ্রামের হাসান শেখের মেয়ে লীলা ওরফে ঝর্ণার (১৮)।
ঝর্ণার পরিবার জানায়, একই উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের মোহনপুর গ্রামের ওহিদুর রহমানের সাথে পাঁচ মাস আগে তাকে বিয়ে দেয়া হয়। কিন্তু বিয়ের পর তারা জানতে পারেন ঝর্ণার স্বামীর আগের আরেক স্ত্রী রয়েছে। বিয়ের এক মাসের মাথায় ঝর্ণা বাবার বাড়িতে এসে অবস্থান করছিলেন। মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো সবাই খাবার শেষে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে মেয়েকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের মাঠ সংলগ্ন কলাবাগানে একটি লাশ পড়ে রয়েছে শুনে সেখানে গিয়ে নিজের মেয়ের লাশ শনাক্ত করেন বাবা হাসান শেখ। সংবাদ পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠায়।
পুলিশ জানায়, এটি হত্যা না কি আত্মহত্যা এ নিয়ে চলছে ধুম্রজাল। একইসাথে ঘটনার রাতে ওই তরুণী নিজে ঘর থেকে বের হয়, না তাকে বের করে নিয়ে যাওয়া হয় এ বিষয়টি এখনো স্পষ্ট নয়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।



