নড়াইলের লোহাগড়া পৌর এলাকার মদিনাপাড়ায় স্বামী কবির হোসেনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রী শোভা কবিরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। পরে গত বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে শোভাকে কালিয়া শহরের মির্জাপুর এলাকার বাবার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। স্বামী কবির হোসেনের (৬৫) বাড়ি কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে। তিনি ব্যবসায়ী ছিলেন।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হরিদাস রায় জানান, স্বামী কবির হোসেন লোহাগড়ার মদিনাপাড়ায় দ্বিতীয় স্ত্রী শোভা কবিরকে নিয়ে ভাড়াবাসায় থাকতেন। শ্যালিকা ইভা খাতুনও (২৫) থাকতেন তাদের সাথে। কবির হোসেনের সম্পত্তি এবং ব্যাংকে গচ্ছিত টাকার জন্য স্ত্রী শোভা ও শ্যালিকা ইভা প্রায়ই কবিরের সাথে বিবাদে জড়াতেন। একপর্যায়ে ২০২০ সালের ১১ নভেম্বর রাতে কবিরকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় কবির হোসেনের প্রথম পক্ষের সন্তানরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছে। পরে কবিরের প্রথম পক্ষের মেয়ে ফারজানা বাদি হয়ে ওই বছরের (২০২০) ১৭ নভেম্বর আদালতে মামলার জন্য আবেদন করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে হত্যা মামলা হিসেবে এফআইআর করার জন্য লোহাগড়া থানার ওসিকে নির্দেশ দেন। প্রাথমিক তদন্ত শেষে গত ৭ মার্চ শোভা ও ইভা খাতুনসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়।
মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা হরিদাস রায়।

 

নড়াইল সংবাদদাতা